এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) অংশ নিতে আজ শুক্রবার বিকালে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করবে। আর্চারদের জন্য এবার পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্বর্ণ জিতলে এক হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও যেকোনো পদক জিততে পারলে আর্চারদের থাকছে অর্থ পুরস্কার।
গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ (স্টেজ-২) আর্চারি টুর্নামেন্টে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে জাপানের মিয়াতা গাকুতোকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন আলিফ। তখন আলিফকে এক হাজার ডলার দিয়েছিলেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
