মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামে এক যুবককে মারধর করে শিবচর থানা পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা এলাকায় গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালকান্দা এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন (১৮) একই এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ছাদে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। সে সময় স্থানীয় লোকজন জায়েদকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে শিবচর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়েদকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত জানান, অভিযুক্ত ধর্ষক জায়েদকে হাতেনাতে ধরে মারপিট করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে, ভিকটিম মানসিক ভারসাম্যহীন নারীটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তাকে উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে।
