মন্ত্রী আসার খবরে নিউমার্কেটে ফুটপাতের দোকান উধাও

রাজধানীর নিউমার্কেটে একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করতে আসবেন সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এজন্য ফুটওভার ব্রিজের আশপাশের ফুটপাতে থাকা দোকান সরিয়ে দিয়েছে পুলিশ। এতে সড়কে কিছুটা শৃঙ্খলা এসেছে। আগে যেখানে হাটা কষ্টকর ছিল সেখানে গাড়ির গতি অনেকটা বেড়েছে।সাধারণ মানুষরা বলছেন, প্রতিদিন যদি মন্ত্রী আসতেন আর ফুটপাতের দোকান সরিয়ে দেওয়া হতো তাহলে যাতায়াতে এত কষ্ট আর হতো না।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর নিউমার্কেটে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, মন্ত্রী আসবেন সেজন্য নিউমার্কেট, ধানমন্ডি থানা বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। মন্ত্রীকে স্বাগত জানিয়ে টানানো হয় ব্যানার। যেখানে ছোট ছোট দোকানে সড়কের অনেকাংশ দখল হয়ে থাকতো সেখানে দোকানই নেই। এতে নিউমার্কেটের সামনের মিরপুর রোড দিয়ে যানচলাচলে গতি বাড়ে।

সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ যাত্রীরা বলছেন, নিউমার্কেটের যানজটের অন্যতম কারণ সড়কে থাকা ফুটপাতের দোকান। এসব দোকান সড়কের অনেকটা জায়গাজুড়ে থাকে। এতে ভয়াবহ যানজটে পড়তে হয় সাধারণ মানুষের। দোকান না থাকায় চলাচলে আজ কিছুটা স্বস্তি মিলেছে।

মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বলেন, প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করি। জ্যামে অনেক সময় নষ্ট হয়। ফুটপাতে দোকান থাকার কারণেই যানজট হয়। শুনেছি আজ মন্ত্রী আসবেন। এজন্য বোধহয় দোকানগুলো সব তুলে দিয়েছে। সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে। প্রতিদিন যদি মন্ত্রী আসতেন তাহলে দোকানগুলো আর থাকতো না।

সালমান নামের আরেক ব্যক্তি বলেন, মন্ত্রী আসবে এজন্য দোকান উঠানো হয়েছে। চলে গেলে দোকান আবারও বসবে। নিউমার্কেটের ফুটপাতে দোকান না বসলে বসবে কোথায়! এ কথা বলে একটু হাসি দেন তিনি।

মন্ত্রী আসার খবরে পুলিশের ট্রাফিক বিভাগকেও বেশ দায়িত্বশীল থাকতে দেখা গেছে। আগে যেখানে যত্রতত্র যাত্রী উঠাতে বাস থামতো আর যানজট তৈরি হতো সেখানে আজ চলতি কোনো গাড়িই দাঁড়াতে পারছে না। বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ও কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গণভবন নয়, সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদকে দেশের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। অতীতে জাতীয় সংসদ নামমাত্র থাকলেও মূল কেন্দ্র ছিল গণভবন। এখন সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে তর্ক-বিতর্ক ও বহুমত থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐকমত্যে থাকতে হবে। জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু করবো। অতীতে জাতীয় সংসদ নামমাত্র থাকলেও মূল কেন্দ্র ছিল গণভবন। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। জাতীয় সব ইস্যু সেখানে আলোচনা হবে। শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কার্যকর সংসদ গঠনই হবে আগামীর লক্ষ্য।

এনসিপি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম বছরই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় সাফল্য। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দলটি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। সময় লাগবে তবে সবকিছু ওভারনাইট (রাতারাতি) হয় না। রাজনীতির উত্থান-পতন যারা মানতে পারেনি তারা রাজনীতিতে টিকে থাকেনি।

রাজনীতির আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা এখন সনাতন রাজনীতিতে বিশ্বাস করি না। ১৯৫২ বা ১৯৭১ এর ইতিহাস দিয়ে বক্তব্য শুরু করতে করতে বর্তমানের জন্য আর কিছু থাকে না বক্তব্যে। আমাদের ইতিহাসের পাশাপাশি ভূগোলের দিকেও তাকাতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণের জন্য রাজনীতি করতে হবে।

গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অনেক ফুলকে দেখেছি শুধু রাজনৈতিক সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। এ দেশের জনমানুষের আকাঙ্ক্ষা তারা যেন ধারণ করে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই রকম রাজনীতি এনসিপি যেন করে। রাজনীতি একটি গতিশীল বিষয়। আমাদের গতিশীলতাকে মেনে নিতে হবে। আমরা সবাই জাতীয় স্বার্থে এক থাকবো।

রোববার অস্ট্রেলিয়ায় শুরু মেয়েদের এশিয়ান কাপ ফুটবল

এশিয়ার মেয়েদের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা এএফসি এশিয়ান কাপ। ৭ মাস আগেও বাংলাদেশের ফুটবলামোদীরা এই টুর্নামেন্টের খোঁজ-খবর সেভাবে রাখতে না। টুর্নামেন্টের যাত্রা কবে শুরু হয়েছে, কোনা দেশ কতবার চ্যাম্পিয়ন হয়েছে এসব তথ্য জানার আগ্রহ তেমন ছিল না। অথচ গত জুলাইয়ে বাংলাদেশের মেয়েরা যেদিন এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে সেদিন থেকেই এই টুর্নামেন্টের খুঁটিনাটি জানতে শুরু করেন ক্রীড়ামোদীরা।

এশিয়ার সেরা ১২ দলের লড়াই। শুধু তাই নয়, এই টুর্নামেন্ট থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জনের সুযোগ আছে। সেই সাথে আছে অলিম্পিক গেমসের বাছাই পর্বের সুযোগও। ১৯৮০ সালে বাংলাদেশের পতাকা সর্বশেষ উড়েছিল এশিয়ান কাপের ভেন্যুতে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেই ইতিহাস এখন অনেক পুরনো। ২০২৫ সালে মেয়েরা এই অর্জন করায় দ্বিতীয়বার এশিয়ান মঞ্চে থাকছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার তিনটি শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে বসছে এশিয়ান কাপের একুশতম আসর। ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দল ছাড়াও অংশ নিচ্ছে চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, ভিয়েতনাম, উজবেকিস্তান, জাপান, ফিলিপাইন, চাইনিজ তাইপে ও ইরান।

এশিয়ান কাপের সবচেয়ে সফল দেশ চীন। ৯ বার শিরোপা জেতা এই দেশটি পড়েছে বাংলাদেশের গ্রুপে। তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার সাথে বাংলাদেশ গ্রুপে আছে আগে পাঁচবার খেলা উজবেকিস্তান। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশেরই হতে যাচ্ছে অভিষেক। ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ সবার নিচে ১১২ নম্বরে।
রোববার পার্থে এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বাংলাদেশের এশিয়ান কাপ শুরু হবে ৩ মার্চ। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ সবচেয়ে কঠিন দল চীন।

১২ দলের এই টুর্নামেন্টে সেমিফাইনালে ওঠা ৪ দেশ পাবে ব্রাজিল বিশ্বকাপে খেলার টিকিট। কোয়ার্টার ফাইনালে হারা চার দলেরও সুযোগ থাকবে প্লে-অফে খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার। আর কোয়ার্টার ফাইনালের ৮ দল খেলবে অলিম্পিক গেমসের বাছাই পর্ব।

১২ দলের মধ্যে অষ্টম হতে হলে বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। এই ম্যাচটি জিতলেই সেই সম্ভাবনা তৈরি হবে। প্রথম দুই ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে জয়ের আশা করছেন না কেউ।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে এটা আমাদের প্রত্যাশা। নেতাকর্মীদের প্রতি আহ্বান আপনারা এখনই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিন। তৃণমূলকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয়লাভ করেছি। এতে আমরা সন্তুষ্ট নই, সামনের দিনগুলোতে আমরা এ অর্জন বৃদ্ধি করবো।

তিনি বলেন, এক বছর এনসিপি নানান রকম অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছে৷ আমরা মনে করি বিপ্লব থেকে বিকল্প তৈরি হয়েছে। সেই বিকল্প পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করবে।

আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি৷ ফ্যাসিবাদের পতন ঘটেছে, ফ্যাসিবাদ বিলুপ্তের রাজনীতি আমরা করছি। দেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলুপ্ত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্পূর্ণরূপে। সেজন্য সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই গণহত্যাকারী, গুম-খুনিদের বিচারের দাবিতে আমরা এখনো সরব।

কৃষিঋণ মওকুফের সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘সরকার প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তেরর ফলে প্রায় সাড়ে ১৪০০ কোটি টাকা ঋণ মওকুফ হবে। এর সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দিনাজপুর জেলার সব দপ্তর প্রধানের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের ১৪টি এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী আগামী ১০ মার্চ আনুষ্ঠানিক এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সব শ্রেণি-পেশার মানুষ এ ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। তবে প্রতিটি পরিবারের জন্য কার্ডটি দেওয়া হবে পরিবারের মহিলা প্রধানের নামে। এ কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার সুযোগ-সুবিধা পাবে।

তিনি বলেন, রেল যোগাযোগের কথা আলোচনা করা হয়েছে। রেল স্টেশন সমস্যা রয়ে গেছে। বাচ্চাদের জন্য প্রত্যেক উপজেলায় শিশু পার্ক করতে পারি, শিশুর শোধনাগারের প্রয়োজন, খেলাধুলার জন্য জেলা স্টেডিয়াম দুর্বল, কোনো উপজেলায় স্টেডিয়াম নেই, যে সব উপজেলায় স্টেডিয়াম রয়েছে সে সব উপজেলায় খেলাধুলার মান এবং পর্যাপ্ত অনুশীলন করতে হবে।

দিনাজপুর কৃষি প্রধান অঞ্চল হওয়ায় সারের দাম কম বেশি হয়, বিএডিসি বিসিআইসি কর্তৃক সার বিতরণ যাতে যথাযথ গুরুত্ব পায় সে বিষয়ে তদারকি করা হচ্ছে। হাসপাতালে সার্ভিস উন্নত করতে সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, পরিচালক, অধ্যক্ষের সাথে কথা হয়েছে। তারা চিকিৎসার সেবার মান উন্নয়ন করবেন।

এছাড়া মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মান বাড়াতে পারলে নতুন প্রজন্মকে মাদক থেকে আরও দূরে রাখা সম্ভব হবে। এ দুটি দিক একসঙ্গে এগিয়ে নিলে সমাজকে সুন্দর ও সুস্থ পথে এগিয়ে নেওয়া যাবে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনে সংসদ সদস্য এ জে এম রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ রেকর্ড ওপেনিং জুটি গড়ে থামলেন ফখর

ম্যাচটা বাঁচা-মরার, সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা ৬৫ রানের বেশি জয়ের। শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সেই অনুযায়ীই ব্যাট চালালেন পাকিস্তানের দুই ওপেনার।

সাহিবজাদা ফারহান ও ফখর জামান মিলে গড়লেন ১৭৭ রানের জুটি। যা কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

ফখর ও ফারহানের জুটিটা ভাঙে দুশমন্থ চামিরার বলে। ৪২ বলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে বোল্ড হন তিনি। ইনিংসটি সাজান ৯ চার ও ৪ ছক্কায়। কলম্বোর মাঠের চারপাশে চার-ছয়ের বন্যা বইয়ে দেন তিনি।

তার বিদায়ের পর মাঠে নামা খাজা নাফেও আউট হয়ে গেছেন দ্রুতই। ৩ বলে ২ রান করেন তিনি মাদুশাঙ্কার বলে আউট হওয়ার আগে।

তবে ৫৪ বলে ৯০ রান করে অপরাজিত আছেন সাহিবজাদা ফারহান। ১৭ ওভার শেষে পাকিস্তানের বোর্ডে রান ২ উইকেটে ১৮৪।

জামায়াত আমির সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো

সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই আমরা পালন করবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সরকারের গৃহীত সব সংগত পদক্ষেপে বিরোধীদলের পূর্ণ সমর্থন থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসংগত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছে, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করবো। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হবো, জাতি উপকৃত হবে।

জামায়াত আমির বলেন, সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই আমরা পালন করবো। আমরা জাতীয় অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকেও আমাদের সঙ্গে শামিল থাকতে বলবো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের যখন ফাঁসি কার্যকর করা হচ্ছিল, সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া হরতাল ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, আজ তার (খালেদা জিয়া) সন্তানের ওপর দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধীদল হিসেবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সব চাওয়া-পাওয়ার কেন্দ্র।

শফিকুর রহমান বলেন, সরকারি দলও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধীদলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধীদল দেখেছি। নির্বাচন যেমন আমি-ডামি ছিল, বিরোধীদলও তেমনি আমি-ডামি ছিল। এই ধরনের কোনো বিরোধীদল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আমিরাতের শারজাহ বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও পরবর্তীতে তেহরানের পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জাানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। চলমান সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপাতত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটি। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা জানিয়েছে আমিরাত সরকার। একই সঙ্গে, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলাকে সব আইনি ও মানবিক মানদণ্ডে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তারা।
সূত্র: খালিজ টাইমস

মেসেঞ্জার ব্যবহারে বড় পরিবর্তন আনছে মেটা

মেটা ঘোষণা করেছে, এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জার.কম ওয়েবসাইট বন্ধ হবে। এর ফলে ব্যবহারকারীরা ব্রাউজার থেকে সরাসরি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না। এর আগে প্রতিষ্ঠানটি উইন্ডোজ ও ম্যাকের জন্য স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপ বন্ধ করেছিল। এবার ওয়েব সংস্করণও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেটা জানিয়েছে, ৬ এপ্রিল থেকে মেসেঞ্জার.কম-এ প্রবেশ করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে facebook.com/messages পেজে চলে যাবেন। ওয়েবের মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য এখন থেকে ফেসবুকের মূল সাইট ব্যবহার করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে মেসেঞ্জার ব্যবহার আগের মতোই চলবে।

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার.কম ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়তে পারেন। ওয়েব সংস্করণ বন্ধ হলে তাদের ফেসবুকে লগইন করে বার্তা দেখতে হবে। ছোট ব্যবসা, কমিউনিটি গ্রুপ বা ব্যক্তিগত যোগাযোগের জন্য যারা ব্রাউজারে আলাদা মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন ফেসবুকের ডেস্কটপ সংস্করণে চ্যাট করতে হবে।

২০১১ সালে ফেসবুক আলাদা অ্যাপ হিসেবে মেসেঞ্জার চালু করেছিল। ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান–প্রদানের মাধ্যম হয়ে ওঠে। গত বছরই মেটা উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ বন্ধ করেছিল। ওয়েব সংস্করণ বন্ধের পর মেটার বার্তা পরিষেবার একীভূতকরণ আরও সুসংহত হবে।

ডেস্কটপে মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে ফেসবুক লগইন তথ্য প্রস্তুত রাখবেন, কারণ পরিবর্তন কার্যকর হলে ওয়েব-এ চ্যাট করতে হলে ফেসবুকে লগইন বাধ্যতামূলক হবে।

স্বর্ণ ভরিতে কমিয়েছে

দেশের বাজারে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় বিক্রি হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।