রাবনাবাদ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘ঈদে মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার ইতিমধ্যে পাবলিক পরিবহনে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করেছে। জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা তৎপর রয়েছে।
মঙ্গলবার ( ১৭ মার্চ) সকাল ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুর এলাকায় রাবনাবাদ নদীর ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘রাবনাবাদ নদীর ওপর এ সেতু নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। একটি জনবান্ধব সরকারের দায়িত্ব হলো জনগণের চাহিদার প্রতি সাড়া দেওয়া, আর এ প্রকল্প তারই বাস্তব প্রতিফলন। নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে।’
তিনি আরও বলেন, ‘এই সেতু চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৮৮২ দশমিক ৮১ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৪ লাখ ৮২ হাজার ১৫৮ টাকা। আগামী ২০২৭ সালের ডিসেম্বর মাসে সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
