ইসরায়েলের উত্তরের শহর হাইফায় একটি তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। তবে, হামলায় শোধনাগারটির কতটুকু ক্ষতি হয়েছে তা এখনও জানায়নি তারা। তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে প্রতিক্রিয়ায় ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইরান। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলে জ্বালানি মন্ত্রী এলি কোহেন বলেন, “শোধনাগারে হামলার ফলে বিদ্যুৎ সাময়িকভাবে ব্যাহত হয়েছিলো। তবে, অল্প সময়ের মধ্যে বেশিরভাগ গ্রাহকের বিদ্যুৎ পুনঃস্থাপিত হয়।
তিনি আরও বলেন, “উত্তরের বিদ্যুৎ গ্রিডের ক্ষতি গুরুতর নয়। উত্তরের দিকে চালানো হামলায় ইসরায়েলের অবকাঠামোগত স্থাপনাগুলোর কোনও উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এর জবাবে উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। গত বুধবার ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরায়েল। এর জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কয়েকটি তেল ও গ্যাস ক্ষেত্রে হামলা চালাচ্ছে তেহরান।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “যদি আমাদের অবকাঠামোর ওপর পুনরায় হামলা হয়, তখন আমরা ‘জিরো’ সংযম প্রদর্শন করবো।
ইরানের রাজধানী থেকে আল-জাজিরার সাংবাদিক আলি হাশেম বলেন, ইসরায়েলের দক্ষিণের শহর হাইফা ও আশহোদকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। তিনি বলেন, “ইরানিরা বলছেন, সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।” তেহরানের ক্ষেপণাস্ত্র আশহোদে আঘাত হেনেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
