চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা প্রসঙ্গে নেপাল কোনো পক্ষপাতিত্ব করতে চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তিনি বলেন, আমি কখনোই চাই না যে, বাবাকে মায়ের মাধ্যমে প্রতিস্থাপন করবো বা মায়ের জায়গায় বাবাকে বসাবো।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে এনডিটিভির এক অনুষ্ঠানে তিনি জানান, উভয় দেশের সঙ্গেই নেপালের সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং একটির জায়গায় অন্যটিকে বেছে নেওয়া সম্ভব নয়। খবর হিন্দুস্তান টাইমসের।
শিশির খানাল বলেন, আমরা এদের একটির সঙ্গে থাকা সম্পর্ককে অন্যটির সঙ্গে সম্পর্ক দিয়ে প্রতিস্থান করতে চাই না। আমি কখনোই আমার বাবাকে বলতে চাই না যে, আমি মাকে দিয়ে তোমাকে প্রতিস্থাপন করবো বা মায়ের জায়গায় বাবাকে বসাবো। নেপাল আবেগকে মূল্য দিলেও পররাষ্ট্রনীতি যুক্তি দিয়েই বিচার করে।
চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেপালের পুরো ব্যবসার দুই-তৃতীয়াংশই তো ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে সীমান্ত বিতর্ক নিয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য-এটাকে যেভাবে বাড়িয়ে দেখানো হয় এটা ততটা না।
তিনি বলেন, কেবল প্রতিবেশীদের মধ্যেই সীমান্ত নিয়ে সমস্যা হয়। প্রতিবেশী না হলে সে সমস্যাটা থাকবে না। আমি বলতে চাচ্ছি, আমাদের সীমান্ত অনেকটা উন্মুক্ত। এটা পুরো বিশ্বেই বিরল। মানুষ কোনো কাগজপত্র ছাড়াই হেঁটে পারাপার হতে পারে।
