ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত, নিশ্চিত করলো তেহরান

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় তারা নিহত হন। নিহতদের তালিকায় আরও রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

এছাড়াও সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা

জর্ডানে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ মার্কিন দূতাবাসের

জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে সেদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। জর্ডানের আকাশসীমায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতা দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, জর্ডানের আকাশসীমায় বর্তমানে ক্ষেপণাস্ত্র, ড্রোন অথবা রকেট অবস্থান করছে। সাধারণ মানুষকে অবিলম্বে কোনো মজবুত ছাদের নিচে বা নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সবাই যেন ঘরের ভেতরে অবস্থান করেন এবং স্থানীয় সংবাদ ও কর্তৃপক্ষের সতর্কবার্তার দিকে কড়া নজর রাখেন।
সূত্র: আল-জাজিরা

আমিরাতের শারজাহ বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও পরবর্তীতে তেহরানের পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। অঞ্চলটিতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে ইরান। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জাানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। চলমান সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপাতত যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটি। আমিরাতি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা জানিয়েছে আমিরাত সরকার। একই সঙ্গে, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলাকে সব আইনি ও মানবিক মানদণ্ডে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে তারা।
সূত্র: খালিজ টাইমস