আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ (সোমবার) সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে।
মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন এবং অর্জন করতে পারেন তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত।
পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।
পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রাতেই পবিত্র আল-কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন। এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতে অংশ নেবেন।
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার এবং বেসরকারি রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া বিভিন্ন সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রকাশিত হবে।
