ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় নিবন্ধিত হকার ছাড়া অন্য কাউকে সড়ক বা ফুটপাতে বসতে দেওয়া হবে না। হকারদের তালিকা তৈরি করে প্রত্যেককে দেওয়া হবে পরিচয়পত্র (আইডি কার্ড)। ফলে নিবন্ধনের বাইরে থাকা হকারদের রাস্তায় বসার সুযোগ বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে হকার সমস্যা সমাধানে এক সপ্তাহের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
রবিবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজধানীর সড়ক ও ফুটপাতে হকারদের বসার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকার সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যার স্থায়ী সমাধানে হকারদের সহযোগিতা প্রয়োজন। অতীতে হকারদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধান আনতে পারেনি।
তিনি বলেন, হকার পুনর্বাসনের বিষয়ে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির দুজন করে প্রতিনিধির সঙ্গে আলোচনা করা হবে। তাদের মতামত নিয়ে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে।
হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে আবদুস সালাম বলেন, হকারদের তালিকা তৈরি করে প্রত্যেককে আইডি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে নিবন্ধিত হকারদের চিহ্নিত করা সম্ভব হবে। রাস্তায় অনিবন্ধিত ব্যক্তিদের বসার সুযোগ থাকবে না।
এ ছাড়া হকারদের জন্য হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডিএসসিসির প্রশাসক। তার মতে, পরিকল্পিতভাবে হকারদের পুনর্বাসন করা গেলে একদিকে যেমন তাদের জীবিকার সুযোগ নিশ্চিত হবে, অন্যদিকে রাজধানীর সড়ক ও ফুটপাতেও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
