যমুনা সেতু পশ্চিমে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম এলাকায় পুলিশের অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটকরা হলেন ট্রাকচালক মো. আবু বক্কর (৪৪) ও তার সহযোগী মো. মোহান আলী (৩১)।সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক আবু বক্কর ও তার সহযোগী মোহান আলীকে আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা হেরোইনসহ নেশাজাতীয় দ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
