মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান,চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।
এ সময় সন্দেহজনক দুইটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটও জব্দ করা হয়।
