কলম্বো টেস্টে শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্ডোকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় নামে মাত্র শাস্তি পেয়েছেন ভারতের ওপেনার জশস্বী জয়সোয়াল। অপরাধের তুলনায় তার শাস্তির মাত্রা নিয়েই উঠেছে প্রশ্ন।
জয়সোয়াল যে অপরাধ করেছেন তাতে লেবেল-৪ অপরাধ হিসেবে পাঁচটি টেস্ট বা ১০টি এক দিনের ম্যাচ থেকে শুরু করে আজীবন নির্বাসিত হতে পারতেন। কিন্তু আইসিসি সভাপতি ভারতীয় বলেই ভারতীয় ক্রিকেটারকে নাম মাত্র শাস্তি দেওয়া হয়েছে; এমনটি বলছেন ক্রিকেট বিশ্লেষকরা।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭তম ওভারে। জশস্বী জয়সোয়ালকে বোল্ড করে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফার্নান্ডো ও শ্রীলংকার ক্রিকেটাররা। সেই সময় ফার্নান্ডোর কোনো মন্তব্য বা আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন যশস্বী। সাজঘরের দিকে যাওয়ার পথে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকার পেসারের দিকে এগিয়ে যান তিনি। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় জয়সোয়াল মাথা দিয়ে ফার্নান্ডোকে আঘাত করেন। পরে সতীর্থরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাঠে এমন আচরণের জন্য যেখানে বড় ধরনের নিষেধাজ্ঞার বিধান রয়েছে, সেখানে তার শাস্তি সীমাবদ্ধ থাকল ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টে। একই শাস্তি পেয়েছেন ফার্নান্ডোও। তার ম্যাচ ফিরও ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। অর্থাৎ, দুজনকেই আইসিসির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
তবে জয়সোয়ালের অপরাধের ধরন দেখে শাস্তি নিয়ে প্রশ্ন উঠছেই। কারণ, ভারতীয় এই ওপেনার সরাসরি মাথা দিয়ে ফার্নান্ডোকে আঘাত করেছিলেন। ক্রিকেটে শারীরিক সংঘাতের ঘটনা সাধারণত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। আইসিসির আচরণবিধিতে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষকে শারীরিকভাবে আঘাত করার মতো ঘটনায় কঠোর শাস্তির বিধানও রয়েছে।
শাস্তির মাত্রা নিয়েই আলোচনা বেশি হচ্ছে। বিশেষ করে আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব নেওয়ার পর ভারতের ক্রিকেটারদের শাস্তির ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। একই ধরনের ঘটনায় অন্য কোনো দেশের ক্রিকেটার জড়ালে শাস্তিটা কি এতটাই হালকা থাকত?
