ডিএমএফ শিক্ষার্থী ও পেশাজীবীদের সংকট নিরসন, বন্ধ থাকা ৯ সরকারি ম্যাটসে ভর্তি চালুর দাবি
ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) শিক্ষার্থী ও পেশাজীবীদের দীর্ঘদিনের চলমান সংকট নিরসনে দুই দফা দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছেন নওগাঁ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
রোববার (২৩ আগস্ট) নওগাঁ ও জয়পুরহাট সদর হাসপাতাল এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জয়পুরহাট সদর হাসপাতাল পরিদর্শনকালে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের পক্ষ থেকে নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা মন্ত্রীর হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, এটিকে ‘রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বোর্ডে’ রূপান্তরের কার্যকর উদ্যোগ নেওয়া এবং দীর্ঘদিন ধরে ভর্তি কার্যক্রম বন্ধ থাকা ৯টি সরকারি ম্যাটসে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি কার্যক্রম চালুর দাবি জানানো হয়।
দ্বিতীয় দাবিতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা সংশ্লিষ্ট পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়া, প্রয়োজন অনুযায়ী নতুন পদ সৃষ্টি এবং ডিএমএফ ডিগ্রিধারীদের দীর্ঘদিনের কর্মসংস্থান ও পেশাগত সংকট নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যাটসের শিক্ষার্থী ও ডিএমএফ ডিগ্রিধারীরা শিক্ষা, কর্মসংস্থান ও পেশাগত নানা সংকটের মধ্যে রয়েছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত সরকারি উদ্যোগ নেওয়া জরুরি। তাদের দাবি, প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি সরকারি পর্যায়ে নিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হলে এ সংকটের টেকসই সমাধান সম্ভব।
স্মারকলিপি গ্রহণকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী শিক্ষার্থীদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা এবং ম্যাটসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
