বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করলেন প্রধান বিচারপতি
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্টসহ দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে বিচার বিভাগের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন তিনি।
প্রধান বিচারপতি দেশের বিচারব্যবস্থার কার্যকর পরিচালনা, বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিত করা এবং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
সাক্ষাতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিচার বিভাগের উন্নয়ন ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাফতরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরদিনই প্রধান বিচারপতির সঙ্গে তার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
