মানব পাচারকারী চক্রের প্রভাব-প্রতিপত্তি বা অবস্থান বিবেচনা না করে তাদের কঠোরভাবে দমন করাই রাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রত্যেক মানুষের নাগরিক অধিকার হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না হলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দারিদ্র্য, বৈষম্য ও দাসত্বসদৃশ পরিস্থিতির সুযোগ নিয়ে গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষ বিভিন্ন ধরনের শোষণের শিকার হবে।
তিনি বলেন, মানব পাচার রোধে সরকারের কঠোর আইন প্রণয়ন এবং আইনের শাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে অপরাধী চক্র এত সহজে গড়ে উঠতে পারত না।
বিএনপির এই নেতা আরও বলেন, মানব পাচারকারী চক্র সমাজেরই অংশ এবং সমাজের কিছু মানুষের সহযোগিতায় এসব নেটওয়ার্ক গড়ে ওঠে। তাই কার্যকর আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এসব অপরাধী চক্রকে দমন করা সম্ভব হবে।
তিনি মানব পাচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।
