ফিফা বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। বিশ্বকাপের পরপরই তিনি ডাক পান চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে। সেই ক্লাবের হয়ে অবশেষে অভিষেক হয়েছে তার।গতকাল বুধবার কোপা চিলির ম্যাচে ইউনিয়ন এসপানিওলার বিপক্ষে মাঠে নামেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
অভিজ্ঞ এই গোলকিপারের আসল নাম জোসিমার এভোরা দিয়াস। গত ২ আগস্ট দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে পৌঁছান তিনি। এর আগে, ২৪ জুলাই তার সঙ্গে চুক্তির বিষয়টি সামনে আনে কোলো-কোলো।
কাগজপত্রের জটিলতা ও ব্যক্তিগত কারণে তার ক্লাবে যোগ দেওয়ার সময় তিন দফা পিছিয়ে পড়ায় সমর্থক ও ক্লাবের কর্তাদের মাঝে অনিশ্চয়তা দেখা দেয়।
চিলিতে পা রেখে দ্রুতই অনুশীলনে যোগ দেন তিনি। এরই মধ্যে তিনটি ম্যাচের স্কোয়াডে ছিলেন তিনি। গত রোববার ইউনিভার্সিদাদ দে চিলির বিপক্ষে সুপারক্লাসিকোতেও বেঞ্চে ছিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
অবশেষে অভিষেকের ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দেন ভোজিনহা। ইউনিয়ন এসপানিওলাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান নিশ্চিত করে কোলো-কোলো। শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও ধীরে ধীরে নিজেকে সামলে নেন ভোজিনহা। গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের গোল ঠেকিয়ে অভিষেকেই ক্লিন শিট রাখেন তিনি।
তবে নিয়মিত একাদশে সুযোগ পাওয়া কঠিন ভোজিনহার জন্য। চোটের কারণে স্কোয়াডের বাইরে আছেন নিয়মিত গোলকিপার ফের্নান্দো ডি পল। ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েল মাউরেইরা বর্তমানে দলের প্রথম পছন্দ। সুপারক্লাসিকোতে দুর্দান্ত পারফরম্যান্স করে কোচের প্রশংসাও পেয়েছেন এই তরুণ।
কোচ ফার্নান্দো অর্টিজও পরিষ্কার করে দিয়েছেন, ভোজিনহাকে সরাসরি একাদশে জায়গা দেওয়া হবে না। পারফরম্যান্সের মাধ্যমে তাকেই নিজের জায়গা অর্জন করতে হবে।
