যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন উদ্যোগ, উপকৃত হবে কয়েকটি গ্রামের মানুষ
রাজশাহীর মোহনপুরে বিভিন্ন সড়ক উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী এসব সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
উদ্বোধনকালে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছেন। সরকার গঠনের ছয় মাসের মধ্যেই পরিবার কার্ড, কৃষি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, আগামীতে দেশের সব নারীর পরিবার কার্ডের আওতায় আনার লক্ষ্যে সরকার দ্রুত কাজ করছে। ধর্ম, দল কিংবা শ্রেণি-পেশার ভিত্তিতে এ ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। একইভাবে কৃষি কার্ডের সুবিধাও সব যোগ্য কৃষক পাবেন।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকৌশলী রকিব হাসান, উপসহকারী প্রকৌশলী রিপন আলী সরকার ও সাব্বির খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজের আওতায় থাকা সড়কগুলোর মধ্যে রয়েছে—চাঁদপুর চৌরাস্তা জামে মসজিদের পাশ থেকে মাখনপুর গুচ্ছগ্রাম হয়ে মুনসুর মেম্বারের বাসা পর্যন্ত ১ হাজার ১৯৫ মিটার, মৌগাছী জিপিএস থেকে কৃষ্ণপুর ইউজেডআর পর্যন্ত ১ হাজার ২০০ মিটার, কোটালীপাড়া ইউজেডআর থেকে কোটালীপাড়া বিডব্লিউডিবি পর্যন্ত ৯৯০ মিটার, দাঁড়াপাড়া থেকে মুগাইপাড়া হাট পর্যন্ত ১ হাজার ২৭০ মিটার, বিষহারা ইউজেডআর থেকে হাটখোলা পর্যন্ত ১ হাজার ৫০০ মিটার এবং কৃষ্ণপুর ইউজেডআর থেকে কৃষ্ণপুর পূর্বপাড়া পর্যন্ত ৪৫০ মিটার সড়ক।
স্থানীয়দের ভাষ্য, এসব সড়ক চাঁদপুর, নখড়াজিঘাট, হিন্দুপাড়া, ধোরসা, চক বিরহী, বিষহারা ও কৃষ্ণপুর এলাকার মানুষের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ। সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে এসব এলাকার মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় যোগাযোগব্যবস্থায়ও গতি আসবে বলে আশা করছেন তারা।
