জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার ভোরে চালানো এ হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত এবং আরও তিনটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা।
আইআরজিসি জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার জবাব হিসেবে জর্ডানের ওই ঘাঁটিতে এই হামলা চালানো হয়। তবে ইরানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় এফ-৩৫ ধ্বংস বা প্রাণহানির বিষয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। ফলে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চলতি মাসের শুরুতেও একই বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। কয়েক দিনের বিরতির পর বুধবার রাত থেকে আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। এ পরিস্থিতিতে সংঘাত কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
সূত্র: রয়টার্স
